হরিরামপুরে মন্দির কমিটির সম্পাদককে পিটিয়ে জখমের অভিযোগ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:২২ পিএম

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জের হরিরামপুরে মণ্ডপের বিদ্যুৎ সংযোগের ক্যাবল রাখা নিয়ে বিরোধের জেরে কান্ঠাপাড়া বাজার সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার রায়কে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে । শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে কান্ঠাপাড়া বাজারে নিজের গ্রিলের দোকানে এ ঘটনা ঘটে। আহত কৃষ্ণকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে ।

কৃষ্ণ কুমার রায় বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের বীরেন কুমারের ছেলে। কান্ঠাপাড়া বাজারে তাঁর একটি গ্রিল তৈরির দোকান রয়েছে ।

বাজারের কয়েকজন ব্যবসায়ীর ভাষ্য, মণ্ডপে বিদ্যুৎ সরবরাহের জেনারেটরের ক্যাবল বাজারের একটি কাঠের দোকানের সামনে কাঁঠালগাছে পেঁচিয়ে রাখা হয়েছিল । এ নিয়ে কাঠের দোকানদার কবির আপত্তি জানালে কৃষ্ণের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে কৃষ্ণ কবিরকে ঘুষি মারেন বলে জানান তারা । পরে ব্যবসায়ীরা দুই পক্ষকে বিকেলে বসে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার পরামর্শ দেন ।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এরপর কৃষ্ণ নিজের দোকানে ফিরে যান । কিছুক্ষণ পর কয়েকজন ব্যক্তি সেখানে গিয়ে তাঁকে লোহার রড ও কাঠ দিয়ে মারধর করেন । স্থানীয় ব্যবসায়ী এলেম কাজী জানান, তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে কৃষ্ণকে উদ্ধার করে হাসপাতালে পাঠান ।

হরিরামপুর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজারের ব্যবসায়ী স্বপন কুমার রায় বলেন, ক্যাবল রাখা নিয়ে বিরোধের পর কৃষ্ণের ওপর হামলার ঘটনা ঘটেছে । তবে কারা হামলা করেছেন, তা তিনি নিশ্চিত নন । আগের বিরোধের সঙ্গে হামলার যোগসূত্র থাকতে পারে বলে তাঁর ধারণা ।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনিমেষ জানান, রক্তাক্ত অবস্থায় কৃষ্ণকে হাসপাতালে আনা হলে তাঁর মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয় ।

কান্ঠাপাড়া বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন ও সাধারণ সম্পাদক মিরাজ মেম্বার জানান, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, খবর পেয়ে এসআই জয়নাল আবেদিনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে । দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে । এসআই জয়নাল আবেদিন জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন এবং এ ঘটনায় তদন্ত চলছে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com