হাবিপ্রবির কৃষিভিত্তিক সংগঠন ‘শস্যবৃত্তের’ নতুন কমিটি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৫ এএম

নুরুজ্জামান, হাবিপ্রবি প্রতিনিধি:

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষিভিত্তিক সংগঠন ‘শস্যবৃত্তের’ ২০২৬-২৭ সেশনের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন এগ্রিকালচার ২০২২ ব্যাচের শিক্ষার্থী মোঃ জোবায়দুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০২৩ ব্যাচের মোঃ ফজলে রাব্বি।

সোমবার (১২ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির লক্ষ্য নিয়ে সভাপতি জোবায়দুর রহমান বলেন, কৃষি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কৃষকের সংযোগ স্থাপন, অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে প্রয়োগ এবং প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির সঙ্গে সংযোগ তৈরি, আপৎকালীন সময়ে কৃষকের পাশে দাঁড়ানো এবং সবুজ কৃষিতে উদ্বুদ্ধ করার কাজও চলবে। এ সময় তিনি নতুন কমিটি ও সংগঠনের সব সাধারণ সদস্যকে শুভেচ্ছা জানান।

সংগঠনের শুরুর প্রসঙ্গ তুলে তিনি বলেন, একটি মহৎ উদ্যোগ থেকেই ‘শস্যবৃত্তের’ যাত্রা। ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় কৃষি খাত বিপর্যস্ত হয়ে পড়লে কৃষি অনুষদের শিক্ষার্থীরা ‘আফটার ফ্লাড ট্রান্সপ্ল্যান্টিং’ নামে একটি উদ্যোগ নেন। এর আওতায় বন্যাকবলিত এলাকার কৃষকদের মধ্যে ১ মিলিয়ন সবজির চারা এবং ৫ একর জমির সমপরিমাণ ধানের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘শস্যবৃত্ত’।

সাধারণ সম্পাদক ফজলে রাব্বি এমন একটি সংগঠনে কাজ করার সুযোগ পেয়ে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “শস্যবৃত্তের ইতিহাস স্মরণ রেখে ভবিষ্যৎ কর্মকাণ্ড পরিচালনায় আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। সেই সঙ্গে সব সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করি। আমরা সবাই মিলে কৃষির স্বপ্ন, কৃষকের কর্মকাণ্ড জানা এবং তাদের কর্মপদ্ধতি সহজ করার জন্য কাজ করে যাব।”

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন কমিটির মাধ্যমে কৃষি শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বিকাশের পাশাপাশি কৃষকের সঙ্গে কার্যকর যোগাযোগের সুযোগ আরও বাড়বে। মাঠপর্যায়ে কাজ করার অভিজ্ঞতা শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বাড়াতেও সহায়ক হবে।

উল্লেখ্য, ‘শস্যবৃত্ত’ হাবিপ্রবির একটি কৃষিভিত্তিক সংগঠন। প্রতিষ্ঠার শুরু থেকেই এটি কৃষি শিক্ষার্থীদের সঙ্গে কৃষকের সংযোগ স্থাপন, কৃষি উন্নয়নে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা এবং দুর্যোগকালে কৃষকদের সহায়তা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com