কালাইয়ে কিডনি বিক্রি করেও অভাব ঘোচেনি, ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

এক মাস আগে কিডনি বিক্রি করেছেন কালাই উপজেলার ছামছুল ইসলাম (৩০)। তাতেও ঘোচেনি অভাব। তার মধ্যেই ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তার হয়েছেন। ছামছুল ইসলামের কিডনি বিক্রির বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

মঙ্গলবার রাত ১১টার সময় উপজেলার মাত্রাই ইউনিয়নের মাত্রাই বাজার থেকে ছামছুলকে গ্রেপ্তার করে পুলিশ এবং বুধবার দুপুরে তাকে জয়পুরহাট আদালতে পাঠানো হয়েছে।

ছামছুল ইসলাম উপজেলার মাত্রাই ইউনিয়নের শাইলগুন গ্রামের সামসুদ্দিন মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ছামছুলের কিডনি বিক্রির বিষয়টিও সামনে আসে। ছামছুলের ভাষ্য মতে, এক মাস আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দুবাইয়ের পথে ইরানে যান তিনি। সেখানে একটি হাসপাতালে নিজের বাম পাশের কিডনি প্রায় পাঁচ লাখ টাকায় বিক্রি করেন।

ছামছুল জানান, চট্টগ্রামে কাজ করার সুবাদে মাসুম নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে ওই ব্যক্তির মাধ্যমে কিডনি ক্রেতা প্রতিস্থাপনের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ হয়। একপর্যায়ে তাঁর পাসপোর্ট ও ভিসার ব্যবস্থা করে তাঁকে ইরানে নেওয়া হয় এবং এক নারী ব্যবসায়ীর শরীরে তার কিডনি প্রতিস্থাপন করা হয়েছে বলে দাবি করেন শামছুল

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ট্রান্সফরমার চুরির মামলায় ছামছুলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে জানা যায়, তিনি সম্প্রতি একটি কিডনি বিক্রি করেছেন। মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গের অবৈধ বেচাকেনা আইনত দণ্ডনীয় অপরাধ।

ওসি বলেন-এই উপজেলায় কিডনি কেনাবেচার সঙ্গে জড়িত সক্রিয় দালালদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com