সৈয়দপুরে এসআরবি-১৩-এর অভিযান: ১০ বোতল ফেন্সিডিলসহ নারী গ্রেফতার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে ১০ বোতল নিষিদ্ধ ফেন্সিডিলসহ মোছা. রানী (৪২) নামে এক নারীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে সৈয়দপুর পৌরসভার নতুন বাবুপাড়া এলাকার সাদ্দাম মোড়ের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৩-এর নীলফামারী ক্যাম্পের সিপিসি-২-এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল জব্দ করে। এ সময় নিষিদ্ধ মাদক ফেন্সিডিল নিজ হেফাজতে রাখার অভিযোগে রানীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রানী সৈয়দপুর থানার পুরাতন বাবুপাড়া এলাকার মৃত আকবরের স্ত্রী।

এসআরবি-১৩ জানায়, এ ঘটনায় ব্যাটালিয়নের পক্ষ থেকে বাদী হয়ে গ্রেফতার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে জব্দ করা ফেন্সিডিলসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে ধারণ করে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৩। দায়িত্বপূর্ণ এলাকায় মাদক নির্মূলে বাহিনীর সদস্যরা পেশাদারত্বের সঙ্গে কাজ করছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com