গাজীপুর চৌরাস্তার পাইকারি কাপড়ের মার্কেটে আগুন দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ১

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পিএম

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের চান্দনা চৌরাস্তার হাজী আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেটে আগুন দেওয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জুয়েল আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পিবিআই। পুলিশের দাবি, জুয়ায় আসক্ত হয়ে ঋণগ্রস্ত হওয়ার পর তিনি চাঁদা দাবি করেন। এ ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে গাজীপুর মহানগরীর দিঘীরচালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানায়, গত ৬ অক্টোবর মার্কেট পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মিলটন হোসেনকে ফোন করে চাঁদা দাবি এবং টাকা না দিলে মার্কেটে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়।

তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য, জুয়েল বিভিন্ন ব্যক্তির কাছে প্রায় তিন লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন। হুমকির পর বিকাশের মাধ্যমে তাকে মোট ১০ হাজার টাকা দেওয়া হয় বলে জানিয়েছে পিবিআই। এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করছে সংস্থাটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার রকিবুল আক্তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com