মানিকগঞ্জে ফুচকা বিক্রেতা ও দুই ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পিএম
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
মেয়াদোত্তীর্ণ ময়দা, নিম্নমানের তেল ও অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা-চটপটির কাঁচামাল তৈরির অভিযোগে মানিকগঞ্জের জয়রা এলাকায় এক ফুচকা বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । একই দিন শিবালয়ের আরিচা বাজারে মূল্যতালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে ফল বিক্রির দায়ে দুটি ফলের দোকানকে আরও ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার জয়রা এলাকায় অভিযান চালিয়ে ‘শফিকুল ফুচকা মালিক শফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় জরিমানা করা হয় ।
এর আগে সকালে শিবালয় উপজেলার আরিচা বাজারে পৃথক অভিযানে ‘আফজাল ফল ভান্ডার’-এর মালিক আফজাল হোসেন এবং ‘ইয়াসিন ফল ভান্ডার’-এর মালিক ইয়াসিনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয় । তাদের বিরুদ্ধে একই আইনের ৩৮ ও ৪৫ ধারায় ব্যবস্থা নেওয়া হয় ।
অভিযান দুটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল । এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোছা. রৌশন আরা বেগম ও আনসার সদস্যরা অভিযান পরিচালনা কাজে সহযোগিতা করেন ।
অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ভোক্তার অধিকার রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।