মানিকগঞ্জে ভূমিকম্প-অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৭ পিএম

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মানিকগঞ্জে র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয় । মহড়ায় ভূমিকম্পের সময় আত্মরক্ষা এবং অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ।

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি ও জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খায়রুল ইসলাম ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলী শাহরিয়ার, বাসিরা সুলতানা ও মো. শায়খ শিহাব উদ্দীন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলী নুর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া এবং সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দীন উপস্থিত ছিলেন ।

কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com