ঘিওরে বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে ধ/র্ষ/ণের অভিযোগ, পরিবারকে হুমকি-ভয়ভীতি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১০ পিএম
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওরে ৩৫ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী অবিবাহিত নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের শামছুল (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে । এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পর ভুক্তভোগীর পরিবারকে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা ।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে ।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে ঘিওর সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চঙ্গশিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে । ভুক্তভোগীর বাবা নাসির উদ্দিন (৬২) গত ৯ অক্টোবর ঘিওর থানায় লিখিত অভিযোগ করেন ।
নাসির উদ্দিনের অভিযোগ, ঘটনার রাতে বিদ্যুৎ না থাকায় মেয়েকে বাড়িতে রেখে তিনি পাশের বৈলট বাজারে চা খেতে যান । এ সময় বাড়িতে একা পেয়ে অভিযুক্ত ব্যক্তি তার মেয়েকে ধর্ষণ করেন । এর আগে মুঠোফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে তাকে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে ।
সরেজমিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে ভুক্তভোগী নারী বলেন, শামছুল এর আগেও এক রাতে তার সঙ্গে একই ধরনের ঘটনা ঘটিয়েছেন । তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে বিস্তারিত তথ্য যাচাই করা সম্ভব হয়নি ।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর আতঙ্কে ওই নারী প্রথমে কাউকে কিছু জানাননি । পরে ৭ অক্টোবর বাবাকে বিষয়টি জানান তিনি । এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও পরামর্শের কারণে থানায় অভিযোগ করতে দেরি হয় বলে জানান পরিবারের সদস্যরা ।
ভুক্তভোগীর মা আম্বিয়া বেগম বলেন, ঘটনার দিন তিনি ছোট মেয়ের বাড়িতে ছিলেন ।
অসহায় বুদ্ধি প্রতিবন্ধী মেয়ের সঙ্গে এমন অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তির কঠোর শাস্তি দাবি করেন তিনি ।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, অভিযোগ ওঠার পর থেকে শামছুল ও তাঁর বাবা-মাকে এলাকায় দেখা যাচ্ছে না । অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আগেও নারীদের হয়রানি ও গোপনে ভিডিও ধারণের অভিযোগ রয়েছে বলেও দাবি করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা । তাদের ভাষ্য, এসব কারণে গ্রামের নারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে । তবে আগের অভিযোগগুলোর বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি ।
ঘিওর থানার ওসি মুহাম্মদ মুহব্বত কবীর জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে । প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে । অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে ।