মহালছড়িতে দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পিএম
মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি।
খাগড়াছড়ির মহালছড়িতে ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকালে মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চাকমা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিক রঞ্জন খীসা, ১ নং মহালছড়ি সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান। এসআই মাসুম আলম, মহালছড়ি থানা, মোঃ ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, মহালছড়ি উপজেলা প্রেসক্লাব, সুমিত কুমার চাকমা, উপজেলা খাদ্য কর্মকর্তা।
এছাড়াও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, যুব রেডক্রিসেন্টের প্রতিনধি, রাজনৈতিক নৃতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পারিবারিকভাবে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। সচেতন নাগরিক সমাজ ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা একটি দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে পারি।