বদলি ঠেকাতে মরিয়া বান্দরবান জেলা পরিষদের সিইও নজরুল ইসলাম

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পিএম

আরাফাত খান, বান্দরবান প্রতিনিধি :

গত ২৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ নজরুল ইসলামকে চুয়াডাঙ্গা জেলা পরিষদে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। এরপর থেকেই এই বদলি আদেশ ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন নজরুল ইসলাম।

‎পরিষদের একটি বিশেষ সূত্র জানায়, বদলি আদেশ জারির পরও দায়িত্ব ছাড়ছেন না মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। বদলি আদেশ ঠেকাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় গুলোতে জোরালো তদবির চালাচ্ছেন বলে দাবি সূত্রটির। এ নিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে অসন্তোষ ও অস্থিরতা বিরাজ করছে।

‎বিগত কয়েকমাস ধরে বিভিন্ন গণমাধ্যমে ৪৫ কোটি টাকার একটি প্রকল্প নিয়ে একাধিক সংবাদ প্রকাশ পাওয়ার পর গত ২০ সেপ্টেম্বর বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অভিযানে জব্দ করা হয় প্রকল্পের বিভিন্ন নথিপত্র। প্রাথমিক অনুসন্ধানে প্রকল্পে অনিয়মও খুঁজে পায় দুদক। উক্ত প্রকল্পের পরিচালক পিডি হিসেবে দায়িত্ব পালন করছিলেন নজরুল ইসলাম। এইসবের মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয় তার বদলি আদেশ জারি করে।

নাম প্রকাশ না করার শর্তে জেলা পরিষদের এক কর্মকর্তা বলেন, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম নতুন কর্মস্থল চুয়াডাঙ্গায় যেতে চান না। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদোন্নতির সাথে পদায়নের জন্যে তদবির করছেন উঁচু মহলে।

‎সার্বিক বিষয়ে জানতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন তুলেননি ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এই বিষয়ে জানতে তার সিএ সুজিত বড়ুয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নজরুল স্যার এখনো অফিসে আছেন। ওনাকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকে রিলিজ দেয়া হয়নি এখনও এবং ওনার জায়গায় অন্য কোনো অফিসার আসেননি। বদলি ঠেকানোর চেষ্টার বিষয়ে আমি জানিনা। স্যার নিয়মিত অফিস করছেন।

এই বিষয়ে পরিষদের জনসংযোগ কর্মকর্তা জুড়ি মং জানান, " বদলি আদেশের পর নির্দিষ্টি সময় দেয়া হয় কর্মকর্তাকে নতুন কর্মস্থলে যোগদানের জন্যে। বদলি আদেশ ঠেকানোর বিষয়ে আমি জানিনা। তার বদলে নতুন কাউকে যোগদান করানো হয়নি। উনি এখনো দায়িত্ব পালন করছেন।

এদিকে পরিষদের বিশেষ সূত্রে আরো জানা যায়, পদোন্নতি না পাওয়ায় দায়িত্ব ছাড়তে নারাজ নজরুল ইসলাম। ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তদবিরও চালাচ্ছেন তিনি। সূত্রটির দাবি আওয়ামী প্রন্থী কর্মকর্তা হওয়ায় যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পাননি প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের এই কর্মকর্তা।

পদোন্নতি না পাওয়ায় দায়িত্ব না ছেড়ে ঘাপটি মেরে পরিষদের দায়িত্বও পালন করে যাচ্ছেন এই কর্মকর্তা এবং তিনি কারো সাথে সাক্ষাৎ করছেন না বলেও জানা গেছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com