পাত্রী দেখানোর ফাঁদে ১০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার ১

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পিএম

মোঃ মিলন শাহ বিশেষ প্রতিনিধি, পত্নীতলা, নওগাঁ। 

নওগাঁর মান্দায় পাত্রী দেখানোর কথা বলে এক বৃদ্ধকে ফাঁদে ফেলে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার প্রধান আসামি জাকারিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আগেও তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মীর আনোয়ার হোসেন (৬২) রাজশাহীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর এলাকার বাসিন্দা। তাঁর ছেলের জন্য পাত্রী দেখানোর কথা বলে পূর্বপরিচিত এক নারী গত ৭ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের একটি বাড়িতে নিয়ে যান।

এজাহারে অভিযোগ করা হয়, সেখানে আগে থেকে পরিকল্পনা করে রাখা জাকারিয়াসহ অন্য আসামিরা ভুক্তভোগীকে মারধর করেন। একপর্যায়ে অপর এক নারী আসামির সঙ্গে জোরপূর্বক তাঁর অশ্লীল ও নগ্ন ছবি এবং ভিডিও ধারণ করে। পরে এসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছে ১০ লাখ টাকা দাবি করে। এ সময় আসামিরা ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সঙ্গেও মুঠোফোনে যোগাযোগ করে।

পরে আসামিদের দাবিকৃত টাকা দেওয়ার কথা বলে ভুক্তভোগীর স্বজনেরা একই দিন দুপুর আড়াইটার দিকে তাঁকে উদ্ধার করেন। এরপর তাঁকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী মীর আনোয়ার হোসেনের লিখিত অভিযোগের ভিত্তিতে ১১ অক্টোবর মান্দা থানায় মামলা করা হয়। মামলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১) ও ৮(২) ধারা এবং দণ্ডবিধির ৩৪২, ৩২৩, ৩৮৫, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, মামলার প্রধান আসামি জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মোহনপুর ও মান্দা থানায় আগেও তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com