জয়পুরহাটে ২০টি দলিল চুরির অভিযোগ ও প্রাণনাশের হুমকি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

‎জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের আব্দুল বাহাপুর গ্রামে বাড়িতে প্রবেশ করে ১৯ থেকে ২০টি দলিল চুরি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মিজানুর রহমান (৩৪) পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আওলাই ইউনিয়নের আব্দুল বাহাপুর গ্রামের মোঃ রেজাউল করিমের ছেলে মিজানুর রহমানের বাড়িতে গত শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে চুরির ঘটনা ঘটে।

‎অভিযোগে উল্লেখ করা হয়, একই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ কবিরুল ইসলাম (৩০) বাড়িতে কাউকে না পেয়ে ঘরে প্রবেশ করেন। এ সময় বাড়ি থেকে ১৯ থেকে ২০টি দলিল চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ করেন মিজানুর রহমান।

‎ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত ব্যক্তি দলিল গুলো নিয়ে তারাহুরো করে যাওয়ার সময় তার জুতা ফেলে পালিয়ে যান।

পরে বিষয়টি জানতে পেরে তিনি অভিযুক্তের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং দলিল গুলো ফেরত চান, এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তের মা উল্টো মিজানুর রহমান ও তাঁর বাবার নামে মামলা করার হুমকি দেন।

‎এ ছাড়া অভিযুক্ত কবিরুল ইসলাম মুঠোফোনে মিজানুর রহমানকে প্রাণনাশের হুমকি দিয়েছেন এবং তাঁকে মারধরের জন্য লোক লাগিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

‎এর আগে কবিরুল ইসলামের নামে একাধিক মামলা ও অর্থ জালিয়াতির অভিযোগ রয়েছে । কবিরুল ইসলাম বিভিন্ন প্রতারনার মামলায় কারাভোগ করেন।

‎এ ঘটনার বিষয়ে স্থানীয় আজিজুর রহমান, মিনারা বেগম, মনোয়ার হাজী ও সপ্না আক্তারসহ এলাকার আরও অনেকে অবগত রয়েছেন।

‎এ ঘটনায় ভুক্তভোগী নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানা পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

‎তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত কবিরুল ইসলামকে একাধিক বার ফোন করলে, সে ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

‎

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com