গংগাচড়ায় শিক্ষককে বিদায়, নতুন শিক্ষককে বরণ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১০:০৬ পিএম
রফিকুল ইসলাম সাবুল : (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গংগাচড়া উপজেলার পূর্ব খাপড়ীখাল হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা মোছা. মারুফা আক্তার ময়নার বিদায় সংবর্ধনা ও নবাগত সহকারী শিক্ষক প্রদীপ কুমার রায়কে বরণ করে নেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিদ্যালয়কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সহকর্মীদের আবেগ, ভালোবাসা ও স্মৃতিচারণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়ী শিক্ষিকা মারুফা আক্তার ময়না নতুন কর্মস্থল শালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি মো. অলিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন গংগাচড়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোছা. নাসরিন আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন মধু, সহকারী শিক্ষক মো. মোনায়েম শাহ, বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোরশেদুল হক এবং রাজধানী টিভির ব্যুরো প্রধান, কবি ও সাংবাদিক রফিকুল ইসলাম সাবুল। এ ছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিদায়ী বক্তব্যে মারুফা আক্তার ময়না বলেন, ‘আমি আজ আমার আত্মার আত্মীয়দের ছেড়ে যাচ্ছি। আমার ছাত্রছাত্রীদের শাসন করতে গিয়ে কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিও। আমার জন্য দোয়া করো, যেন মানুষ গড়ার কারিগর হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে পারি।’
সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁকে ছায়ার মতো আগলে রেখে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন। সহকর্মী শিক্ষক-শিক্ষিকারাও ভালোবাসা দিয়ে তাঁকে আগলে রেখেছেন। তাঁদের সঙ্গে কাটানো সময় ও স্মৃতি তাঁর কাছে বিশেষ হয়ে থাকবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন মধু বলেন, ‘আমরা আজ এমন একজন শিক্ষিকাকে বিদায় জানাচ্ছি, যিনি এই বিদ্যালয়কে সন্তানের মতো ভালোবাসতেন।’ তাঁর বক্তব্যে বিদায়ী সহকর্মীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন ঘটে।
বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোরশেদুল হক বলেন, বিদায়ী শিক্ষিকা নতুন কর্মস্থলেও যেন আগের মতো নিষ্ঠা ও মর্যাদার সঙ্গে শিক্ষকতা করতে পারেন, সেটিই প্রত্যাশা। একই সঙ্গে নতুন সহকারী শিক্ষক প্রদীপ কুমার রায় তাঁর মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোছা. নাসরিন আক্তার বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষ গড়ার মহান দায়িত্ব। একজন শিক্ষক তাঁর জ্ঞান, দক্ষতা, আন্তরিকতা ও আদর্শের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বিদায়ী শিক্ষিকা মারুফা আক্তার ময়নার নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সেখানে একই নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে শিক্ষার্থীদের পাঠদানের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। পাশাপাশি নবাগত সহকারী শিক্ষক প্রদীপ কুমার রায়কে স্বাগত জানিয়ে তিনি বলেন, নতুন কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হতে হবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
অনুষ্ঠানে নতুন সহকারী শিক্ষক প্রদীপ কুমার রায়কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় শিক্ষকতার দায়িত্ব, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং সহকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখার গুরুত্ব উঠে আসে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবাগত সহকারী শিক্ষক প্রদীপ কুমার রায়।
বিদায় ও বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও পেশাগত বন্ধনের এক আন্তরিক চিত্র ফুটে ওঠে।