বিদ্যালয়ে যাওয়ার পথে সড়কে ঝরল শিক্ষিকার প্রাণ, গুরুতর আহত স্বামী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:১১ পিএম

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরার সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় শামীমা নাসরিন নামের এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী আব্দুল মজিদ গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার বৈকারী মোল্লার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন। 

নিহত শামীমা নাসরিন সদর উপজেলার ভাড়ুখালি মাধ্যমিক বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক ছিলেন। তিনি বৈকারী গ্রামের মো. জালালউদ্দীনের মেয়ে। 

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, স্বামী আব্দুল মজিদের মোটরসাইকেলে করে বাবার বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিলেন শামীমা। পথে মোল্যা বাড়ির মোড় এলাকায় মোটরসাইকেলটি বাম দিকে ঘোরানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান শামীমা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুল মজিদকে স্থানীয় লোকজন উদ্ধার করে সাতক্ষীরার একটি ক্লিনিকে ভর্তি করেন। 

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। পরে সেটি বৈকারী ইউনিয়ন পরিষদের জিম্মায় দেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপপরিদর্শক শরিফুল ইসলাম।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com