কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পিএম

আব্দুল মতিন খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং এ বিষয়ে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধিই দিবসটি পালনের অন্যতম উদ্দেশ্য।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, আগাম সতর্কবার্তার ভিত্তিতে দুর্যোগ আঘাত হানার আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ জন্য দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, প্রস্তুতি গ্রহণ এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, ফায়ার সার্ভিসের কর্মকর্তা অনুপ কুমার সিংহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাস্টার, জনস্বাস্থ্য কর্মকর্তা আবুল হোসেন আকাশ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সামসুজ্জামান আকন্দ, ফায়ার সার্ভিসের সাব-অফিসার আবু বকর, ফায়ার ফাইটার মাহফুজ, সাকিব, রাবিদ, মামুন, ফারুক, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com