বোদায় রাতের আঁধারে সার পাচার, ১২০ বস্তা সার ও ট্রাক্টর জব্দ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পিএম
সঞ্জু বনিক সৌরভ | পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় | ১৩ অক্টোবর ২০২৬
পঞ্চগড়ের বোদায় রাতের আঁধারে সরকারি সার অন্য উপজেলায় নেওয়ার সময় ১২০ বস্তা সারসহ একটি মাহিন্দ্র ট্রাক্টর জব্দ করেছে স্থানীয় জনতা ও উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাঁর ডিলারশিপ বাতিলের জন্য জেলা কমিটির কাছে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে বোদা পৌরসভার আটোয়ারী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বোদা পৌরসভার নিবন্ধিত সরকারি সার ডিলার মেসার্স নুরনবী মজুমদারের গোডাউন থেকে সারবোঝাই একটি মাহিন্দ্র ট্রাক্টর পার্শ্ববর্তী আটোয়ারী উপজেলার উদ্দেশে রওনা হয়। গভীর রাতে সার পরিবহনের বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা ট্রাক্টরটির পথরোধ করেন। পরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১২০ বস্তা সার ও ট্রাক্টরটি জব্দ করে।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম জানান, সরকারি সার এক এলাকা থেকে অন্য এলাকায় অবৈধভাবে স্থানান্তর করা বেআইনি। এ ঘটনায় সংশ্লিষ্ট ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে বিতরণ করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিলের জন্য জেলা কমিটির কাছে আবেদন করা হবে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।
এদিকে, রাতের আঁধারে সরকারি সার অন্য উপজেলায় নেওয়ার ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের আশঙ্কা, এ ধরনের কর্মকাণ্ডের কারণে স্থানীয় পর্যায়ে সারের সরবরাহ ও প্রাপ্যতা ব্যাহত হতে পারে। কেউ কেউ সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে এমন ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন।
স্থানীয় কৃষকদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে সরকারি সার পরিবহনের নিয়ম লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে কৃষকদের জন্য বরাদ্দ করা সার যেন নির্ধারিত এলাকায় সঠিকভাবে বিতরণ করা হয়, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।