ব্রিটিশের বানানো দেড়শো বছরের পুরনো রেল ব্রীজের চলছে সংস্কার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
১৪৮ বছর আগে ইট চুন-সুড়কিতে ব্রিটিশ সরকার জয়পুরহাটের (পাঁচবিবি-হিলি) রেলপথে পরিত্যক্ত বাগজানা স্টেশনের দক্ষিণ পাশে ২৮৩ নাম্বার গার্ডার ব্রীজ নির্মাণ করেন।
একসময় ব্রিটিশরা ঈশ্বরদী থেকে পার্বতীপুর হয়ে এই রেলপথ দিয়ে 'দার্জিলিং পর্যন্ত মেইল লোকাল ট্রেন চালাত। ১৮৭৮ সালে নির্মাণের পর কালভার্টটি আর সংস্কার হয়নি।
দীর্ঘ কয়েক বছর যাবত নিয়মিত ট্রেন চলাচলে ব্রিজের পিলারে ফাটল ধরে ঝুঁকিতে ট্রেন চলাচল করে। ব্রিজ অতিক্রমের সময় অতিরিক্ত শব্দ ও ট্রেনের ঝাঁকনিতে যাত্রীরা আতঙ্কে থাকে।
১৪৮ বছর পর ১০ ফুট দৈর্ঘ্যের কালভার্টটি প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে বক্স কালভার্ট পূণ:নির্মান কাজ শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল।
বুধবার সকাল থেকে বিকল্প পথে ট্রেন চলাচলের জন্য শতাধিক কর্মচারী রেললাইন স্থাপন করছেন। অস্থায়ী রেললাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল করতে দেখা যায়। এই রেলপথে প্রতিদিন ২০ জোড়া ট্রেন উত্তর-দক্ষিন-পশ্চিমাঞ্চলের নিয়মিত চলাচল করে থাকে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী প্রকৌশলী (সেতু) হাসান আলী বলেন, ব্রিটিশ আমলের চুন-সুড়কি ও ভাতের মাড় দিয়ে নির্মিত ব্রিজের পিয়ারের গুণাগুণ নষ্ট হয়েছে। ট্রেন চলাচলের সময় ঝাঁকুনি ও কেঁপে উঠে। পুরাতন ব্রীজগুলো ভেঙে আরসিসি ঢালাই কালভার্ট নির্মান করা হবে।
তিনি আরো বলেন, ঈশ্বরদী-পার্বতীপুর রেলপথে ১১২'টি ছোট-বড় ব্রীজ রয়েছে। ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো পর্যায়ক্রমে ভেঙে পুন:নির্মাণ করা হবে।