পঞ্চগড়ে যৌথ ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪ মাদকসেবীর কারাদণ্ড, ৩ জুয়াড়িকে ৪৫ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি: 

পঞ্চগড়ে যৌথ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের অভিযোগে চারজনকে ১৪ দিন করে কারাদণ্ড ও প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই অভিযানে জুয়া খেলার অভিযোগে তিনজনকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় পঞ্চগড় কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩-এর নীলফামারী ক্যাম্প, পঞ্চগড় জেলা প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পঞ্চগড়ের সমন্বয়ে গঠিত যৌথ ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পঞ্চগড় সদর থানার বানিয়াপট্টি এলাকার জনি ইসলাম (৩০), মিঠাপুকুর এলাকার মো. সাহেদ (২০), নিমনগর এলাকার জনি ইসলাম (৩৮) এবং তেঁতুলিয়া থানার কালাদিগঞ্জ এলাকার মো. শামীম (২৭)।

অভিযানে মাদক সেবনের অভিযোগে তাঁদের প্রত্যেককে ১৪ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া জুয়া খেলার অভিযোগে তিনজনকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। তবে জরিমানাপ্রাপ্ত জুয়াড়িদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

এসআরবি-১৩ জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে ধারণ করে হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালানসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মাদকসেবী ও জুয়াড়িদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

মাদক সেবন, জুয়া, অবৈধ মজুতদারি, নিত্যপ্রয়োজনীয় পণ্য অতিরিক্ত দামে বিক্রি এবং খাদ্যে ভেজালসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়নে এসআরবি-১৩-এর গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com