টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানা বন্ধ ঘোষণা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪০ পিএম
গাজীপুর প্রতিনিধি:
১৪ই অক্টোবর গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দেশের অন্যতম স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-০২ কারখানা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আগুনের পর কারখানার ডাম্পিং কার্যক্রম সম্পন্ন করে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
বৃহস্পতিবার থেকে কারখানাটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি জানিয়ে একটি নোটিশ টাঙানো হয়েছে মূল ফটকে। প্রতিষ্ঠানের ইনচার্জ মোহাম্মদ আবু সাঈদের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে কারখানার শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের এ নির্দেশনা জানানো হয়।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। কেমিক্যাল ও অ্যালুমিনিয়াম পেপারের নিচে থাকা রাবারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সম্মিলিত প্রচেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নেভানোর পর ধ্বংসস্তূপে ডাম্পিং ও নিরাপত্তা নিশ্চিত করার কাজ শুরু হয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছিল, এসব কার্যক্রম শেষ করতে বৃহস্পতিবার পর্যন্ত সময় লাগতে পারে। তবে সংশ্লিষ্ট কর্মীদের তৎপরতায় বুধবার রাতেই ডাম্পিংয়ের কাজ শেষ হয়।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, বুধবার রাত ১১টার দিকে ডাম্পিং কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। বর্তমানে সেখানে নতুন করে কোনো ঝুঁকি সৃষ্টির আশঙ্কা নেই বলে তিনি উল্লেখ করেন।