সুন্দরগঞ্জে ৪২০০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পিএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইলিশ সংরক্ষণ অভিযানে ৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ সময় দুটি ইলিশ জব্দ করে এতিমদের মধ্যে বিতরণ করা হয়।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সুন্দরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর, গাইবান্ধার সিনিয়র সহকারী পরিচালক এস এম আবুল বাসার।

অভিযানে ইলিশ ধরার কাজে ব্যবহৃত আনুমানিক ৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ ছাড়া প্রায় ৬০০ গ্রাম ওজনের দুটি ইলিশ জব্দ করে এতিমদের মধ্যে বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মাধব রায় বলেন, “ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হচ্ছে। ইলিশ সংরক্ষণে জেলেদের আইন মেনে চলতে হবে। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি অভিযান অব্যাহত থাকবে।”

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com