মহাদেবপুরে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৯; আটক ১
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে জমা-জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আনিছুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার খাজুর ইউনিয়নের রণাইল নিচপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত আনিছুর রহমানকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আহতদের মধ্যে রয়েছেন আনিছুর রহমানের ছেলে শাহাজাহান (৩০), আব্দুল মতিন (৪০), আবুল কালাম আজাদ (৫৩), আব্দুল আলিম (২৪), জাহিদুল ইসলাম (৩৯), নজরুল ইসলাম, রেজাউল ইসলাম (৬৫) এবং তাঁর দুই ছেলে ইলিয়াস (৩৫) ও জুয়েল (২৮)। তাঁদের মধ্যে শাহাজাহান, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, আব্দুল আলিম, জাহিদুল ইসলাম ও ইলিয়াসকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে রেজাউল ইসলাম ও জুয়েল মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রণাইল মৌজায় প্রায় ১০ বিঘা জমি নিয়ে আনিছুর রহমানের পরিবারের সঙ্গে একই গ্রামের মৃত লছিম উদ্দীনের ছেলে নজরুল ইসলামের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, জমির অংশ বুঝিয়ে না দিয়ে নজরুলের পক্ষের লোকজন তা ভোগদখল করে আসছিলেন। পরে স্থানীয় মাতব্বরদের সালিশের মাধ্যমে আনিছুর রহমানের পক্ষ প্রায় ৭ বিঘা জমির দখল বুঝে পায়। এরপর তাঁরা ওই জমিতে ধানের চারা রোপণ করে পরিচর্যা করছিলেন।
বুধবার সকালে ওই জমিতে কীটনাশক ছিটিয়ে ফেরার পথে নজরুল ইসলামের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে আনিছুর রহমানের পক্ষের পাঁচজন এবং অপর পক্ষের চারজন আহত হন। গুরুতর আহত আনিছুর রহমানকে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, আনিছুর রহমানের মৃত্যুর খবর পাওয়ার পর নজরুল ইসলাম হাসপাতাল থেকে চলে যান।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রণাইল গ্রামের মৃত ওয়াহেদ আলী মন্ডলের ছেলে ওসমান গণিকে আটক করা হয়েছে।
প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।