কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সংরক্ষণ ও গবেষণায় গুরুত্ব দিলেন রাষ্ট্রপতি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪২ পিএম
গাজীপুর প্রতিনিধি
কৃষিপণ্যের উৎপাদন বাড়লেও যথাযথ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের অভাবে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কৃষিকে লাভজনক করতে কৃষকদের প্রণোদনা ও ভর্তুকি বৃদ্ধি এবং কৃষি গবেষণায় বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় রাষ্ট্রপতি এসব কথা বলেন।
তিনি বলেন, কৃষিপণ্যের আধুনিক সংরক্ষণাগার গড়ে তোলা এবং প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা জরুরি। কৃষি বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও পেনশন বিধিমালা যুগোপযোগী করার ওপরও গুরুত্ব দেন তিনি।
আলুর বাজার পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, উৎপাদনস্থলে কৃষকরা ন্যায্যমূল্য না পেলেও ঢাকায় পৌঁছানোর পর দাম অনেক বেড়ে যায়। এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
এর আগে বারি চত্বরে পৌঁছালে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন গবেষণা কার্যক্রম ও প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং ‘বারি কাঁঠাল-৬’ জাতের একটি চারা রোপণ করেন।