বোদায় অসহায় ও দুরারোগ্য রোগীদের হাতে অনুদানের চেক দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পিএম
সঞ্জু বনিক সৌরভ | পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় | ১৬ অক্টোবর ২০২৬
চিকিৎসার ব্যয়ভার বহন করতে হিমশিম খাওয়া অসচ্ছল পরিবার এবং আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের সহায়তায় পঞ্চগড়ের বোদায় বিতরণ করা হয়েছে বিশেষ অনুদানের চেক। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটে বোদা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ, এমপি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদান কর্মসূচির আওতায় উপজেলার প্রতিবন্ধী ব্যক্তি, আর্থিকভাবে অসচ্ছল পরিবার, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী এবং ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিসের মতো জটিল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের এ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বর্তমান সরকার সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বদ্ধপরিকর। বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। এ সহায়তার মাধ্যমে তাঁরা চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তি পাবেন।
তিনি সমাজের সর্বস্তরের সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় ও দুস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বোদা উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সমাজসেবা বিভাগের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুদানের চেক পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ অসচ্ছল মানুষের চিকিৎসা ও শিক্ষার ব্যয় মেটাতে সহায়তা করার পাশাপাশি তাঁদের জীবনযাত্রার সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।