নাগেশ্বরীতে রশিদ মন্ডল ফাউন্ডেশনের উদ্যোগ : ফ্রি চিকিৎসাসেবা পেলো ৭০০ মানুষ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পিএম
জাহিদুল ইসলাম জাহিদ, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে রশিদ মন্ডল ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) নারায়ণপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৭০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
‘মানবতার সেবায়, সুস্থ জীবনের প্রত্যয়ে’ স্লোগানকে সামনে রেখে কর্মসূচিতে এলাকার বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। বিশেষ করে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় স্থানীয় মানুষের মধ্যে কর্মসূচিটি নিয়ে আগ্রহ দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রশিদ মন্ডল ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কার্যক্রমের সঙ্গে যুক্ত আলহাজ্ব মাহমুদ হাসান (হাজী সোহেল)। উদ্বোধক ছিলেন নারায়ণপুর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. আজাহারুল ইসলাম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মালেক মন্ডল, সদস্যসচিব মো. সাইফুর রহমান বিএসসি, গ্রীন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মোহতাসিম বিল্লাহ এবং নারায়ণপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. খয়বর আলম সরকার। এ ছাড়া নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জিয়াউদ্দিন রহমান জিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণপুর দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মো. ইব্রাহীম আলী সরকার। কর্মসূচি সঞ্চালনা করেন রশিদ মন্ডল যুব উন্নয়ন ফাউন্ডেশন ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান।
ক্যাম্পে এমবিবিএস চিকিৎসকের মাধ্যমে রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণের ব্যবস্থা রাখা হয়। এর ফলে একসঙ্গে বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ তৈরি হয় স্থানীয় বাসিন্দাদের জন্য।
প্রধান অতিথির বক্তব্যে হাজী সোহেল বলেন,মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের অন্যতম লক্ষ্য। অনেক মানুষ নানা কারণে সময়মতো চিকিৎসকের কাছে যেতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
সভাপতির বক্তব্যে মাওলানা মো. ইব্রাহীম আলী সরকার বলেন,মানুষের সেবা করা একটি মহৎ কাজ। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক চাহিদার অন্যতম। এ ধরনের উদ্যোগের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পাওয়ার সুযোগ পাচ্ছেন। এমন মানবিক কার্যক্রম সমাজের অন্যদেরও মানুষের কল্যাণে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
গ্রীন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মোহতাসিম বিল্লাহ বলেন,মানুষের সুস্থতা ও কল্যাণ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করা জরুরি। বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার মতো উদ্যোগ সমাজের মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখে। বিশেষ করে যারা আর্থিক সীমাবদ্ধতার কারণে সহজে চিকিৎসাসেবা নিতে পারেন না, তাদের জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যাশা করি।
অনুষ্ঠানের সঞ্চালক ও রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান বলেন,এলাকার মানুষের জন্য কিছু করার প্রত্যয় থেকেই এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়েছে। প্রায় ৭০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবার আওতায় আনতে পেরে আমরা আনন্দিত। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের উদ্যোগ নিতে অনুপ্রাণিত করবে।
আয়োজকেরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং জনসচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবা গ্রহণে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল রশিদ মন্ডল আদর্শ পাঠাগার, নাগেশ্বরী, কুড়িগ্রাম। দিনব্যাপী এ কর্মসূচিতে স্থানীয় মানুষের অংশগ্রহণে মানবিক সেবার একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়।