মানিকগঞ্জে বিশ্ব সাদাছড়ি দিবস, আট দৃষ্টিপ্রতিবন্ধী পেলেন সাদাছড়ি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৩ এএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে মানিকগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপিত হয়েছে । এ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শোভাযাত্রা এবং পরে সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠান শেষে আটজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির হাতে সাদাছড়ি তুলে দেওয়া হয় ।

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং মানিকগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে ।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল বাতেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা । বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মিনার উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিরা ।

বক্তারা বলেন, সাদাছড়ি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীন ও নিরাপদে চলাচলের অন্যতম প্রধান সহায়ক উপকরণ । তাদের আত্মনির্ভরশীলতা বাড়ানো এবং সমাজের মূলধারায় অংশগ্রহণ নিশ্চিত করতে সাদাছড়ির ব্যবহার সম্পর্কে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন ।

তারা আরও বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সমাজের সবার নৈতিক দায়িত্ব । সড়ক পারাপারে সহযোগিতা, সাদাছড়ি ব্যবহারকারীদের চলাচলের পথ করে দেওয়া এবং ফুটপাত ও গণপরিবহন প্রতিবন্ধীবান্ধব করা জরুরি ।

সভায় ফুটপাত ও গণপরিবহনে নির্বিঘ্ন চলাচলের জন্য ট্যাকটাইল টাইলস স্থাপনসহ প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে থেরাপি, কাউন্সেলিং ও চলাচলের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টিও তুলে ধরা হয় ।

দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভা শেষ হয় ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com