বিএনপি পাঁচ বছর ক্ষমতায় থাকলে দুর্ভিক্ষে মরতে হবে: নওগাঁয় রাশেদ প্রধান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১১:১০ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, বিএনপি টানা পাঁচ বছর দেশ শাসন করলে জনগণ দুর্ভিক্ষের মুখে পড়তে পারে। তাঁর অভিযোগ, তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি, সার সংকট, সিন্ডিকেট ও দলীয়করণসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছে বিএনপি।
আজ শুক্রবার ১৬ অক্টোবর বিকেলে নওগাঁ শহরের একটি কমিউনিটি সেন্টারে জাগপা নওগাঁ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, “এই নতুন জালেম ক্ষমতাসীন বিএনপির অপকর্ম বলে শেষ করা যাবে না। তারা যদি পাঁচ বছর বাংলাদেশে শাসন করে, আমরা দুর্ভিক্ষে মারা যাবো। আমরা দুর্ভিক্ষে মরার জন্য আসিনি। আমাদের চোখ রাঙিয়ে লাভ নেই। বাংলার মাটিতে নতুন করে কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না।”
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চল অবহেলিত। রাজশাহী শহরের বাইরে রাজশাহী বিভাগ এবং পুরো রংপুর বিভাগে উল্লেখযোগ্য উন্নয়ন তাঁর চোখে পড়েনি। শুধু মহাসড়কের কিছু অংশ পাকা হলেই কোনো জেলাকে উন্নত বলা যায় না। এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনা থেকে তাঁরা পিছিয়ে আসবেন না। প্রয়োজনে আবারও আন্দোলনে নামার প্রস্তুতি রয়েছে তাঁদের। ভয়ভীতি দেখিয়ে তাঁদের দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
১১ দলীয় জোটের রাজনৈতিক অবস্থান তুলে ধরে রাশেদ প্রধান বলেন, এই লড়াই শুধু জামায়াতে ইসলামী বা ১১ দলীয় জোটকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়; বরং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই। তিনি এমন একটি বাংলাদেশ দেখতে চান, যেখানে ভারতীয় আধিপত্য থাকবে না এবং মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। তাঁর ভাষ্য, ব্যক্তিগতভাবে ক্ষমতা অর্জনের চেয়ে দেশের পূর্ণ স্বাধীনতা ও সার্বভৌমত্ব তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।
নিজের নিরাপত্তা নিয়ে বক্তব্য দিতে গিয়ে রাশেদ প্রধান বলেন, হামলা বা ভয়ভীতি দেখিয়ে তাঁকে দমিয়ে রাখা সম্ভব নয়। তাঁর দাবি, মৃত্যুর ভয় দেখিয়ে তাঁর রাজনৈতিক অবস্থান পরিবর্তন করানো যাবে না।
জাগপা নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানটিতে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আ স ম সায়েম, খেলাফত মজলিস নওগাঁর সভাপতি রেজাউর রহমান, এবি পার্টি নওগাঁর আহ্বায়ক কাজী আতিকুর রহমানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ