উখিয়ায় বিজিবির হাতে ৭০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩০ এএম

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, টেকনাফের উনচিপ্রাং গ্রামের মৃত অছির রহমানের ছেলে অলি হোসেন (৩৭) এবং কুতুবদিয়া গ্রামের নুরুল আহম্মেদের ছেলে মো. মানিক (২২)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, ১৫ অক্টোবর রাত আনুমানিক ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে রমজানের ঘের নামক স্থানে অবস্থান নেয়। রাত আনুমানিক আড়াইটার দিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে থাকা দুই ব্যক্তিকে সন্দেহ হলে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে আটক করা হয়।

পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে একটি পোটলার ভেতরে খাকি রঙের প্যাকেটে রাখা নীল রঙের বায়ুরোধী সাতটি কাট থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। দীর্ঘ তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে জানা গেছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে কাজ করে আসছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com