নওগাঁয় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল ৩ বিঘা জমির ধান, ক্ষতি ৪০ মণ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলায় দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে নষ্ট হয়েছে তিন বিঘা জমির ধান। এতে প্রায় ৩৫ থেকে ৪০ মণ ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক মায়াজ উদ্দীন। দুর্বৃত্তদের দেওয়া আগুনে ধান পুড়ে গেছে বলে অভিযোগ করেছেন তিনি।
গতকাল রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১০ নম্বর নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী মায়াজ উদ্দীন জানান, জমি থেকে ধান কেটে মাড়াইয়ের জন্য রাস্তার পাশে রাখা হয়েছিল। রাতে কে বা কারা ওই ধানে আগুন দিয়েছে, তা তিনি দেখতে পাননি। পরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ধানের অর্ধেকের বেশি পুড়ে যায়।
মান্দা ফায়ার সার্ভিসের লিডার শফিউর রহমান জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি পূর্ণাঙ্গ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, ঘটনাস্থলের আশপাশে বৈদ্যুতিক সংযোগ বা বাড়িঘর না থাকায় পথচারীর ফেলে দেওয়া বিড়ি কিংবা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ আতিয়া খাতুন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষয়ক্ষতির বিবরণ উল্লেখ করে আবেদন করলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পরিবারটির সার্বিক সহযোগিতার বিষয়টিও বিবেচনা করা হবে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকের আর্থিক ক্ষতির পাশাপাশি মৌসুমের ফসল হারিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।