ঘিওরে ইটের বদলে পোড়ামাটি, অভিযোগের পর বন্ধ বাঙ্গালা সড়কের কাজ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৯ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বাঙ্গালা গ্রামে ইটের বদলে পোড়ামাটি দিয়ে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে । নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে এলাকাবাসীর আপত্তির পর ইটগুলো ফেরত পাঠানোর নির্দেশ দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান । এতে বন্ধ রয়েছে সড়কটির নির্মাণকাজ ।
স্থানীয় লোকজন জানান, রোববার (১৮ অক্টোবর) সকালে সড়ক নির্মাণের জন্য ইট আনা হয় । ইটের মান নিয়ে প্রশ্ন তুলে এলাকাবাসী অভিযোগ করলে ঘটনাস্থলে যান পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. হারুন অর রশিদ । তিনি ইট পরিবর্তন করে আনার নির্দেশ দেন ।
চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, সরকারের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আবুল হোসেনের বাড়ি থেকে মানিকের বাড়ি পর্যন্ত ৩৬০ ফুট সড়কে ইটের সোলিংয়ের কাজ নেওয়া হয়েছে । আজ রোববার কাজটি উদ্বোধনের কথা ছিল । কিন্তু ইটের মান খুবই নিম্নমানের হওয়ায় সেগুলো সংশ্লিষ্ট ইটভাটায় ফেরত পাঠানো হয়েছে । দুই-চার দিনের মধ্যে আবার কাজ শুরু করা হবে ।
এদিকে, সড়ক নির্মাণের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রেহেনা আক্তারের বিরুদ্ধে । এ বিষয়ে তার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাক্ষাৎকার দিতে আপত্তি জানান ।