ডেঙ্গুতে হাসপাতালে বন্ধু, দেখতে জুস-রুটি-ফলমূল নিয়ে ছুটে এলো ৬ সহপাঠী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫৪ এএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :

হাসপাতালের গেটে অপেক্ষা করছে চার কিশোর । তাদের চোখে অপেক্ষা, মনে বন্ধুকে একবার দেখার তাগিদ । কিছুক্ষণ পর হাতে জুস, রুটি, কলা ও ফলমূল নিয়ে হাজির হলো আরও দুই বন্ধু । এরপর ছয়জন একসঙ্গে ছুটল হাসপাতালের তৃতীয় তলায় । সেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী তাদের ক্লাসমেট বন্ধু আসিফ হোসেন । 

ছোট্ট এই উদ্যোগে যেন ধরা পড়ল স্কুলজীবনের বন্ধুত্বের এক চিরচেনা ছবি—সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ।

ঘটনাটি মানিকগঞ্জের ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে । আসিফ ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের তেরশ্রী কালি নারায়ণ ইনস্টিটিউটের নবম শ্রেণির শিক্ষার্থী । ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চার দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছে সে ।

বন্ধুকে দেখতে হাসপাতালে আসে তার চার ক্লাসমেট বন্ধু মো. পলাশ হাসান, রাহাত আল হাসান, আমান হক ও মাধব বিশ্বাস । হাসপাতালের গেটে অপেক্ষা করছিল তারা । কিছুক্ষণ পর তাদের সঙ্গে যোগ দেয় আরও দুই বন্ধু । তাদের হাতে ছিল জুস, রুটি, ও ফলমূল । এরপর ছয়জন মিলে হাসপাতালের তৃতীয় তলায় আসিফের শয্যার দিকে এগিয়ে যায় ।

বন্ধুকে দেখতে আসার এই আয়োজন হয়তো খুব বড় কিছু নয় । নেই কোনো জাঁকজমক, নেই আনুষ্ঠানিকতা । আছে শুধু অসুস্থ বন্ধুর প্রতি টান, তার পাশে থাকার আকাঙ্ক্ষা । অসুস্থতার সময়ে পরিচিত মুখের উপস্থিতি, কয়েকটি আন্তরিক কথা কিংবা সামান্য কিছু খাবারও যে মন ভালো করার উপলক্ষ হতে পারে, ছয় সহপাঠীর এই উদ্যোগে ফুটে উঠেছে সেই মানবিক অনুভূতি ।

হাসপাতালের গেটের সামনে ছয় বন্ধুর এই দৃশ্য নজর এড়ায়নি সেখানে থাকা কয়েকজন বয়োবৃদ্ধেরও । তাঁদের চোখে দৃশ্যটি ফিরিয়ে এনেছে নিজেদের শৈশবের স্মৃতি । তারা বলেন, এই ছেলেদের দেখে নিজেদের স্কুলজীবনের কথা মনে পড়ে গেল । সহপাঠীদের সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্ব জীবনের এমন এক সম্পর্ক, যা সময় পেরিয়েও স্মৃতিতে অমলিন থাকে সারাজীবন ।

স্কুলজীবনের বন্ধুত্বের বিশেষত্ব এখানেই । একই শ্রেণিকক্ষে পড়া, একসঙ্গে টিফিন ভাগ করে খাওয়া, মাঠে খেলাধুলা কিংবা ছোটখাটো অভিমান—এসবের মধ্য দিয়েই তৈরি হয় এক ধরনের আত্মিক সম্পর্ক । সেই সম্পর্কের টানেই অসুস্থ বন্ধুকে দেখতে ছুটে আসা । বয়সে ছোট হলেও তাদের এই আন্তরিকতা মনে করিয়ে দেয়, মানুষের পাশে দাঁড়াতে বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না; প্রয়োজন শুধু মমতা ও ভালোবাসার ।

এদিকে কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন, আসিফ চার দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছে । বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো । সবকিছু ঠিক থাকলে আরও এক-দুই দিনের মধ্যে তাকে বাড়িতে পাঠানো যেতে পারে ।

আসিফের সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় রয়েছে তার পরিবার । সেই অপেক্ষায় যুক্ত হয়েছে ছয় সহপাঠীর ভালোবাসাও । হাসপাতালের বিছানায় অসুস্থ বন্ধুর পাশে দাঁড়ানোর এই ছোট্ট ঘটনা হয়তো সংবাদে খুব বড় কিছু নয়, কিন্তু এর মধ্যে রয়েছে জীবনের এক বড় শিক্ষা—বন্ধুত্ব শুধু একসঙ্গে হাসি-আনন্দ ভাগ করে নেওয়ার নাম নয়, বিপদের সময় পাশে থাকার নামও ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com