সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ আরেকজন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১১ পিএম
চট্টগ্রাম থেকে মোহাম্মদ হাসান:
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তারেক হোসেন বাপ্পি বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির মৃত আলী আহমদের ছেলে। আহত তাফসির আলম শাওন একই ইউনিয়নের অলিনগর এলাকার ইউসুফের ছেলে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, বাড়বকুণ্ডের অলিনগর এলাকায় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে গুলি ছোড়ে। এতে তারেক ও শাওন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, গুলিবিদ্ধ শাওনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে, কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। সাগর থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়দের কেউ কেউ। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।