মহাদেবপুরে দরিদ্রের সেবাঘর স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫১ এএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা গড়ে তুলতে নওগাঁর মহাদেবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে দরিদ্রের সেবাঘর স্বেচ্ছাসেবী সংগঠনের নওগাঁ জেলা শাখা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার হাট চকগৌরীতে অবস্থিত মডার্ন প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন দরিদ্রের সেবাঘর স্বেচ্ছাসেবী সংগঠনের নওগাঁ জেলা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. আপন হোসেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন করতে নওগাঁ জেলা শাখার আহ্বায়কসহ সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা আন্তরিকভাবে কাজ করেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সহযোগিতা এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা হলে ভবিষ্যতে তারা একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি পাবে।
সংগঠনটির পক্ষ থেকে এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতাকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতেও মানবসেবা ও পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সংগঠনটির স্লোগান— “মানুষের তরে মানুষ হই, সেবার পথে এগিয়ে রই।”
সবুজ হোক আগামী, সচেতন হোক নতুন প্রজন্ম—এই প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চায় দরিদ্রের সেবাঘর স্বেচ্ছাসেবী সংগঠন।