মানিকগঞ্জে ৫ ঘণ্টা লোডশেডিংয়ের আশঙ্কা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি সার্কিট-২-এর লাইন ব্রেকারের হাইড্রলিক পাইপ ফেটে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে । ত্রুটি মেরামতে চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগতে পারে । এ সময়ে বিদ্যুতের চাহিদা বেশি থাকলে ৬৬ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হতে পারে ।
আজ শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬:০০ টার দিকে পল্লী বিদ্যুৎ সমিতির ঘিওর জোনাল অফিসের ডিজিএম এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে মানিকগঞ্জ গ্রিডের দুটি সার্কিটের মধ্যে একটি চালু রয়েছে। ফলে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা কমে গেছে। গ্রিড কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মানিকগঞ্জে বিদ্যুতের চাহিদা ১৫৬ মেগাওয়াটের বিপরীতে বরাদ্দ রয়েছে ৯০ মেগাওয়াট। এ হিসাবে ঘাটতি ৬৬ মেগাওয়াট ।
এ পরিস্থিতিতে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য রাখতে সংশ্লিষ্ট সব উপকেন্দ্রকে বরাদ্দ অনুযায়ী লোডশেডিং করার অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা বাড়লে লোডশেডিংয়ের পরিমাণ আরও বেশি হতে পারে ।
ত্রুটি মেরামত করে বন্ধ থাকা সার্কিটটি চালু করা গেলে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে পারে।