সিংজুরীতে দুর্গোৎসবের শেষ দিন পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার ঘোষণা দিলেন চেয়ারম্যান মিঠু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ এএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নে শারদীয় দুর্গোৎসবের আয়োজন দেখতে কাদা-পানির পথ পেরিয়ে এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে ঘুরে খোঁজখবর নিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. আসাদুর রহমান মিঠু । পূজারী ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি চারটি পূজা মণ্ডপের কমিটিকে নিজস্ব অর্থায়নে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি । এ সময় তিনি দুর্গোৎসবের শেষ দিন পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার ঘোষণাও দিয়েছেন ।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর সফর সঙ্গীদের নিয়ে তিনি বৈলতলা-মুকুন্দপুরের গৌরাঙ্গ ডাক্তার বাড়ির মন্দির, রুহুণ্ডি মধু বিশ্বাসের বাড়ির মন্দির, কালীবাড়ি কালী মন্দির এবং ওপার বৈলতলার শংকর সূত্রধরের বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন । এ সময় মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন তিনি ।
পরিদর্শনকালে গ্রামের বয়োজ্যেষ্ঠ নারী-পুরুষদের অনেকে চেয়ারম্যানকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন । তাঁদের কেউ কেউ তাঁকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান । প্রত্যন্ত গ্রামের কাদা-পানির পথ পেরিয়ে মণ্ডপে মণ্ডপে তাঁর উপস্থিতি স্থানীয়দের মধ্যে উৎসাহ সৃষ্টি করে ।
চেয়ারম্যানের সফর সঙ্গী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী সজিব শান বলেন, দুর্গোৎসবের আনন্দে সিংজুরী উৎসবমুখর হয়ে উঠেছে । চেয়ারম্যানের সঙ্গে ঘুরে ঘুরে পূজার আয়োজন দেখতে পেরে তিনি ভীষণ আনন্দিত ।
চেয়ারম্যান আবু মো. আসাদুর রহমান মিঠু বলেন, দুর্গোৎসবের শেষ দিন পর্যন্ত তিনি সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকতে চান । পূজারী ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পাশাপাশি যেকোনো প্রয়োজনে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি । তিনি আরো বলেন, পার্শ্ববর্তী ইউনিয়নগুলোর চেয়ে তার সিংজুরী ইউনিয়নে দুর্গোৎসবের আয়োজন বেশি জাঁকজমকপূর্ণ হচ্ছে । এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পূজা উদ্যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন ।
চেয়ারম্যানের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা । তাদের মতে, এমন উদ্যোগ দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখে ।