এলাকায় আনন্দের ঢল

নওগাঁর ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ তৌহিদুল ইসলাম-এর বহিষ্কারাদেশ প্রত্যাহার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:১০ এএম

মোঃ মোস্তাকিন হোসেন ধামইরহাট উপজেলা প্রতিনিধি নওগাঁ :

 নওগাঁর ধামইরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ তৌহিদুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে চরম উচ্ছ্বাস ও আনন্দের জোয়ার বইছে। সংবাদটি ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকায় বইছে উৎসবমুখর পরিবেশ।

 দলীয় সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির এক সিদ্ধান্তের মাধ্যমে মোঃ তৌহিদুল ইসলামের ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। দীর্ঘদিন পর তাঁর এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে ধামইরহাটের রাজপথে নেমে আসেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে তাঁরা এই সিদ্ধান্তকে স্বাগত জানান।

 স্থানীয় যুবদল ও বিএনপির সাধারণ নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, তৌহিদুল ইসলাম ধামইরহাট উপজেলা যুবদলকে সুসংগঠিত করতে দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। রাজপথের এই আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত নেতাকে পুনরায় দলের দায়িত্বে ফিরিয়ে দেওয়ায় তৃপ্তি প্রকাশ করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

 এ বিষয়ে আনন্দ প্রকাশ করে উপজেলা যুবদলের এক জ্যেষ্ঠ নেতা বলেন, "তৌহিদুল ভাই ধামইরহাট যুবদলের মূল প্রাণশক্তি। বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ এক ন্যায়সঙ্গত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে ধামইরহাটে দল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।"

 বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর এক প্রতিক্রিয়ায় মোঃ তৌহিদুল ইসলাম দলীয় হাইকমান্ড ও কেন্দ্রীয় নেতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের আদর্শ বাস্তবায়নে আমি অতীতেও রাজপথে ছিলাম, ভবিষ্যতেও থাকব। ধামইরহাট উপজেলা যুবদলকে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ ইউনিটে পরিণত করাই হবে আমার মূল লক্ষ্য।"

 এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তকে ঘিরে পুরো উপজেলায় তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্যোম ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com