ঘিওরে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. আবদুর রশিদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে । রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের চঙ্গশিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন ।
নিহত আবদুর রশিদ চঙ্গশিমুলিয়া গ্রামের মৃত শেখ নৈমনুদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পা পিছলে গভীর পানিতে পড়ে যান আবদুর রশিদ । দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে শুরু করেন । পরে স্থানীয় লোকজনও তাঁদের সঙ্গে যোগ দেন ।
খবর পেয়ে ঘিওর উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি চালায় । একপর্যায়ে তাঁর মরদেহ উদ্ধার করা হয় । উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন স্টেশন লিডার শাহিন আলম ।