নওগাঁয় নদীতে রিং জাল বসানো নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় পূর্ণভবা নদীতে মাছ ধরার রিং জাল বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সেলিম রেজা (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার মাটিকাটা নামক স্থানে নদীতে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম রেজা হলো পশ্চিম রঘুনাথপুর (টেকঠা) গ্রামের মো. নুর বক্তের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে মাছ ধরার রিং জাল বসানো নিয়ে সেলিম রেজার সঙ্গে নিতপুর ইউনিয়নের জেলেপাড়া গ্রামের কামরুলের ছেলে মোস্তাকিমের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মোস্তাকিম ক্ষিপ্ত হয়ে শক্ত বস্তু দিয়ে সেলিমের মাথায় জোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে রিং জাল বসানোকে কেন্দ্র করে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।