দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার : জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পিএম
সিরাজুল ইসলাম কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে সমালোচনা হবে, মতবিরোধ হবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আমাদের মনে রাখতে হবে দেশটা আমাদের সকলের। তাই বিশেষ মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এটাই চায়। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরের কমলনগরে শৈশবের স্থান নানা বাড়িতে তার মায়ের কবর জেয়ারত করতে এসে এক সুধী সমাবেশে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, সবার প্রতি আমাদের ম্যাসেজ হচ্ছে দেশকে এগিয়ে নিতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের অংশ গ্রহন দরকার। আমরা মিলে মিশে এ দেশের জন্য কাজ করতে চাই। আমরা যে মতেরই হইনা কেন; আমাদের সকলের মাথায় থাকতে হবে সবার আগে বাংলাদেশ। ওই সময় তিনি জনগণের কাঙ্খিত দাবি ভুলুয়া নদী পুন:খননের প্রকল্পের কাজ খুব শীগ্রই শুরু হবে বলে আশ্বাস দেন।
মাস্টার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) শামছুল আলম, রামগতির সাবেক মেয়র শাহেদ আলী পটু, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন ও কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু প্রমুখ।