ভোগান্তির শিকার হচ্ছেন কৃষক-ব্যবসায়ীরা কোটি টাকার বাণিজ্যে

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

কলা বিক্রির অন্যতম বড় বাজার হয়ে উঠেছে জয়পুরহাটের দুর্গাদহ কলার হাট। প্রতিদিন এই হাটে কোটি টাকার কলা বেচাকেনা হয় বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

প্রতিদিন সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে কলা নিয়ে আসেন কৃষক ও ব্যবসায়ীরা। আর এসব কলা কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন পাইকাররা। এতে কর্মসংস্থান তৈরির পাশাপাশি চাঙা হচ্ছে স্থানীয় অর্থনীতি। তবে বাজার অব্যবস্থাপনার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন কৃষক-ব্যবসায়ীরা।

জানা যায়, প্রতিদিন সকাল থেকেই জমে ওঠে জয়পুরহাটের দুর্গাদহ কলার হাট। সারি সারি কলার স্তূপ, ক্রেতা-বিক্রেতার হাঁকডাক আর দরদামে মুখর হয়ে ওঠে পুরো বাজার। আশপাশের বিভিন্ন এলাকা থেকে কৃষক ও ব্যবসায়ীরা নিয়ে আসেন পাকা ও কাঁচা কলা। আর পাইকাররা এসব কলা কিনে ট্রাক ও অন্যান্য যানবাহনে করে পাঠিয়েদেন দেশের বিভিন্ন বাজারে।

স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের অভিযোগ, প্রতিদিন এই হাটে কোটি টাকার কলা বেচাকেনা হয়। কলা কেনাবেচাকে কেন্দ্র করে গড়ে উঠেছে পরিবহন, শ্রমিক ও আড়ৎদারদের নানা ধরনের কর্মসংস্থান।

কিন্তু কলার দাম, পরিবহন খরচ ও শ্রমিকের মজুরির ওপর নির্ভর করে লাভের পরিমাণ কমছে। এছাড়া হাটের জায়গা ছোট হওয়ায় পরিবহন নিয়ে ভোগান্তিতেও পরেন ব্যবসায়ীরা।

জয়পুরহাট সদর উপজেলার দোগাছী এলাকার কলাচাষি রফিকুল ইসলাম বলেন, ১০ থেকে ১৫ দিন আগেও যে কলার ঘাউর (কাদি) ৩০০ থেকে ৪০০ টাকা বিক্রি করেছি, এখন সেই কলার ঘাউর বিক্রি করছি ২০০ থেকে ২৫০ টাকা। হাটে কলা নিয়ে এসেছি, তেমন পাইকার নেই।

পাঁচবিবি উপজেলার আয়মা এলাকার কলা ব্যবসায়ী আজিজুল ইসলাম বলেন, সেই ভোরে ঘুম থেকে উঠে কৃষকের কলা বাগান থেকে নিয়ে দূর্গাদহ হাটে যাই। প্রতিদিন এই হাটে ৩০ থেকে ৪০ ট্রাক কলা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও কক্সবাজারসহ উত্তরাঞ্চলের সব জেলায় এখান থেকে কলা কিনে নিয়ে যান ব্যবসায়ীরা।

প্রতিদিন কোটি টাকার কলা বেচাকেনা হয় এই হাটে, অথচ এই হাটের কোনো উন্নতির আধুনিকতার কোনো সোয়া পরেনি। বিশেষ করে ট্রাক, ভটভটি ও পিকআপ হাটে ঢুকতে পারে না। এতে করে কলা লোড-আনলোড করার সময় নানা অসুবিধা পোহাতে হয়।

জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) সাদিয়া সুলতানা বলেন, এ বছর কলার ফলন ভালো ও লাভজনক হওয়ায় কলার আবাদ বাড়ছে। জেলায় এ বছর প্রায় ৭০০ হেক্টর জমিতে কলার চাষ হয়েছে। দূর্গাদহ বাজার কলার হাট নামে একটি প্রসিদ্ধ বাজার গড়ে উঠেছে। এই হাটের মাধ্যমে এ এলাকার কৃষক ও ব্যবসায়ীরা অনেক লাভবান হচ্ছে। আমরা কৃষি বিভাগ কৃষকদের সবসময় পরামর্শসহ সার্বিক সহযোগিতা করে আসছি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com