দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত মন্দির পাহারায় থাকবে বিএনপির নেতাকর্মীরা- নাটোরে হুইপ দুলু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০১ পিএম

অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, হুইপ, নাটোর।

মিজানুর রহনাটোর প্রতিনিধি:

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত নির্বাচনে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ সম্মিলিতভাবে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আসতে সহযোগিতা করেছেন। তাই সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দুর্গাপূজা শেষ হওয়া এবং প্রতিমা বিসর্জন না দেওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মন্দির পাহারা দেবেন।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের কদম সাতুরিয়া সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সব ধর্মের মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। একজন সংসদ সদস্য হিসেবে আপনাদের এই এলাকাকে নিরাপদ রাখার দায়িত্ব আমার। আমি দলীয় নেতাকর্মীদের স্পষ্টভাবে বলেছি, পূজা শেষ হওয়া এবং প্রতিমা বিসর্জন না হওয়া পর্যন্ত আমাদের নেতাকর্মীরা প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আপনাদের পাহারা দেবেন।”

মন্দিরে সরকারি সহায়তার বিষয়ে তিনি বলেন, স্বাধীনতার ৫৬ বছর পর তারেক রহমানের সরকার প্রতিটি মন্দিরে ৬০০ কেজি করে চাল দিয়েছে। সংসদ সদস্য হিসেবে আমারও দায়িত্ব রয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের সঙ্গে আমি আরও ২০০ কেজি করে চাল দেওয়ার ব্যবস্থা করেছি। সব মিলিয়ে প্রতিটি মন্দিরে ৮০০ কেজি করে চাল দেওয়া হয়েছে। সরকার আপনাদের ধর্ম পালনের জন্য আর্থিক সহায়তাও দিয়েছে।

তিনি আরও বলেন, সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ।

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com