পঞ্চগড়ে আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি মুক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পিএম
সঞ্জু বনিক সৌরভ | পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় | ১৯ অক্টোবর ২০২৬
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে থাকা পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৯ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হলে আমলি আদালত-১-এর বিচারক আরিফ হোসেন মুন্না এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) মানিক মিয়া পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকায় নিজ বাড়ি থেকে নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়ার পর পঞ্চগড়ের রিকশাচালক আল আমিন নিখোঁজ হন। পরে একই বছরের ১০ সেপ্টেম্বর তাঁর বাবা মনু মিয়া পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে মামলা করেন।
মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়। ওই মামলায় নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার নামও রয়েছে।
পুলিশ জানায়, আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মামলার পাশাপাশি বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলাসহ মুক্তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মানিক মিয়া জানান, আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আগামী ২৪ অক্টোবর থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে তিনি কারাগারেই থাকবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা।