ঈশ্বরগঞ্জে মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১১:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, রায় বাতিল এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে লাঠি ও বৈঠা হাতে এই মিছিলটি বের করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার ১ নম্বর ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের ভূঁইয়া ফিলিং স্টেশন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক হয়ে হরি এলাকার ভূঁইয়া বাড়ির সামনে গিয়ে শেষ হয়।
সংবাদ পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ স্থানীয় জনতার সহায়তায় চরশিহারী এলাকা থেকে মিছিলে অংশগ্রহণকারী দুই নেতাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আল-মাসুদ (৩০) এবং ১ নম্বর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ সজিব মিয়া (২০)। তাঁরা উভয়েই চরহোসেনপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনা ও ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তূর্ণের সার্বিক সহযোগিতায় এই মিছিলের আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগঠক ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মণ্ডল। এতে উপজেলা যুবলীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম, রাকিব মণ্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন এবং মিছিল শেষে আনোয়ার হোসেন মণ্ডল বক্তব্য দেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল বের করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া ঘটনার সাথে জড়িত অন্যদের বিষয়ে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন
ইবিকে ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ভাবনায় আইসিটি সেল প্রধানের পরিকল্পনা
দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা, মহালছড়িতে দুই মন্দিরে উপজেলা বিএনপির আর্থিক উপহার
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে বাংলাদেশি পরিচয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর