দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা, মহালছড়িতে দুই মন্দিরে উপজেলা বিএনপির আর্থিক উপহার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১১:২৪ পিএম
মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় শারদীয় দুর্গাপূজার নবমী উপলক্ষে শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির ও মাইসছড়ি শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিদর্শন করেছেন মহালছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) মন্দির দুটি পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক সৌজন্য উপহার তুলে দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক, সিনিয়র সহ-সভাপতি ও মাইসছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল আজিজ মেম্বার, সহ-সভাপতি মোঃ ছানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমদ ও মোঃ শহিদুল ইসলাম বকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা।
পরিদর্শনকালে উভয় মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক আর্থিক সৌজন্য উপহার গ্রহণ করেন। এ সময় নেতৃবৃন্দ পূজামণ্ডপের সার্বিক খোঁজখবর নেন এবং শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সংশ্লিষ্টদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
নেতৃবৃন্দের এ মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সৌজন্য উপহার প্রদানকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার বার্তা উঠে আসে। ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার—এমন চেতনায় সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য, সহাবস্থান ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়। সম্প্রীতি ও ঐক্যের মধ্য দিয়ে মহালছড়িতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনের প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
আরও পড়ুন
ইবিকে ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ভাবনায় আইসিটি সেল প্রধানের পরিকল্পনা
ঈশ্বরগঞ্জে মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
ধর্ম-বর্ণের ঊর্ধ্বে বাংলাদেশি পরিচয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর