কালাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে প্রতিমন্ত্রী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের কালাই উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী জনাব মো. আব্দুল বারী। তিনি গতকাল সোমবার গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পুনট কর্মকারপাড়া সার্বজনীন পূজামণ্ডপ, বাসুড়া পুরাতন সার্বজনীন দুর্গামণ্ডপ, বাসুড়া রক্ষাকালী সার্বজনীন পূজামণ্ডপ, দুধাইল উত্তরপাড়া সার্বজনীন দুর্গামণ্ডপ, দুধাইল সার্বজনীন পূজামণ্ডপ, বলিগ্রাম উত্তরপাড়া, মধ্যপাড়া ও পূর্বপাড়া সার্বজনীন পূজামণ্ডপ, মাত্রাই সার্বজনীন পূজামণ্ডপ এবং কালাই কর্মকারপাড়া সার্বজনীন পূজামণ্ডপসহ উপজেলার অধিকাংশ পূজামণ্ডপ ঘুরে দেখেন।
এ সময় তিনি জনগণের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম ও রফিকুল ইসলাম টুকু, পৌর বিএনপির আহ্বায়ক সোহেল তালুকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রমুখ।