চট্টগ্রামের পরিত্যক্ত ভবনে থানা থেকে লুট হওয়া পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পিএম
চট্টগ্রাম থেকে মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার অস্ত্রাগার থেকে ২০২৪ সালের ৫ আগস্ট লুট হওয়া একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ। নগরীর আগ্রাবাদ এলাকায় একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে ম্যাগাজিনসহ পিস্তল, দুটি খালি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
রোববার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের পাশে অবস্থিত একটি পরিত্যক্ত শিক্ষা ভবনের দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভবনটির দ্বিতীয় তলায় তল্লাশি চালিয়ে একটি কালো রঙের শপিং ব্যাগের ভেতর থেকে ম্যাগাজিনসহ একটি টরাস পিস্তল, দুটি খালি ম্যাগাজিন ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।