রোয়াংছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ পিএম
বান্দরবান প্রতিনিধি:
বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বান্দরবান সদর জোনের তত্ত্বাবধানে রোয়াংছড়ি আর্মি ক্যাম্পের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটন ও লিও ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটনের সহযোগিতায় রোয়াংছড়ি হাইস্কুল মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি।
চক্ষু চিকিৎসা ক্যাম্পে রোয়াংছড়ি ও পার্শ্ববর্তী এলাকার চক্ষু সমস্যায় ভুগছেন এমন সাধারণ মানুষের বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ বিতরণের ব্যবস্থা করা হয়।
আয়োজকরা জানান, দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ কার্যক্রমে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটন ও লিও ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক আস্থা জোরদারে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্মিলিত এ উদ্যোগকে পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতেও স্থানীয় জনগণের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।