চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি বাতিলের দাবি স্কপের, সিসিটি-জিসিবি ইজারা বন্ধের আহ্বান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পিএম
মোহাম্মদ হাসান: বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়ার চুক্তি বাতিল এবং চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও জেনারেল কার্গো বার্থ (জিসিবি) ইজারা প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
সোমবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এএম নাজিম উদ্দিন।
লিখিত বক্তব্যে স্কপ নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার। রাষ্ট্রীয় অর্থে নির্মিত লাভজনক টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ইজারা দেওয়ার আগে চুক্তির আর্থিক শর্ত, রাজস্ব আয়, বিনিয়োগের দায়বদ্ধতা এবং জাতীয় স্বার্থের ওপর সম্ভাব্য প্রভাব জনসমক্ষে প্রকাশ করা প্রয়োজন ছিল।
তাঁদের অভিযোগ, চুক্তির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ না করায় স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এনসিটি, সিসিটি ও জিসিবি একের পর এক ইজারা দেওয়া হলে দেশীয় ব্যবস্থাপনায় বন্দরের কার্যক্রম পরিচালনার সুযোগ কমবে এবং বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা বাড়তে পারে।
স্কপ নেতারা বলেন, বন্দরের আধুনিকায়নে বিদেশি প্রযুক্তি ও বিনিয়োগ গ্রহণে তাঁদের আপত্তি নেই। তবে নতুন অবকাঠামো নির্মাণে বিনিয়োগ এবং রাষ্ট্রীয় অর্থে নির্মিত বিদ্যমান টার্মিনালের পরিচালনাগত নিয়ন্ত্রণ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া এক বিষয় নয়। নতুন টার্মিনাল নির্মাণে বিওটি পদ্ধতিসহ বিকল্প বিনিয়োগ মডেল বিবেচনার আহ্বান জানান তাঁরা।
এ সময় পতেঙ্গা কনটেইনার টার্মিনালের (পিসিটি) পরিচালনা চুক্তি অনুযায়ী বিনিয়োগের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়েছে, তা স্বাধীনভাবে পর্যালোচনা করে প্রতিবেদন প্রকাশের দাবি জানানো হয়। পাশাপাশি এনসিটি চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ এবং কাস্টমসের স্বাধীনতা, কনটেইনার পরীক্ষা, জাতীয় নিরাপত্তা ও সরকারের জরুরি হস্তক্ষেপের ক্ষমতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বন্দরের শ্রমিক-কর্মচারীদের চাকরি, বেতন-ভাতা, পেনশন, অবসরকালীন সুবিধা, ট্রেড ইউনিয়ন ও যৌথ দরকষাকষির অধিকার সুরক্ষায় সুস্পষ্ট নিশ্চয়তা দেওয়ার দাবি তোলেন নেতৃবৃন্দ।
স্কপের দাবিগুলোর মধ্যে রয়েছে—ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনা ও ব্যবস্থাপনা-সংক্রান্ত চুক্তি বাতিল, সিসিটি ও জিসিবি ইজারা প্রক্রিয়া বন্ধ, চুক্তির সব শর্ত প্রকাশ এবং স্বাধীন বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, বন্দর ও লজিস্টিকস বিশেষজ্ঞ এবং শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে নিরপেক্ষ পর্যালোচনা কমিটি গঠন। একই সঙ্গে দেশীয় ব্যবস্থাপনায় বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তির আধুনিকায়নে সময়বদ্ধ পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, তাঁরা বন্দরের আধুনিকায়ন ও বিদেশি বিনিয়োগের বিরোধী নন; তবে জাতীয় স্বার্থ, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ও শ্রমিকের অধিকার অক্ষুণ্ন রেখেই এ ধরনের সিদ্ধান্ত নিতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কপ, চট্টগ্রামের যুগ্ম সমন্বয়ক খোরশেদুল আলম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এসকে খোদা তোতন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, টিইউসির কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু, বিএলএফ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নুরুল আবসার তৌহিদ, বিএফটিইউসির সাধারণ সম্পাদক কেএম শহিদুল্লাহ, যুগ্ম সম্পাদক রিজওয়ানুর রহমান খান এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
আরও পড়ুন
বোমা উদ্ধারের আতঙ্ক পেরিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব
জয়পুরহাটে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
পঞ্চগড়ের বোদায় আগুনে ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবারকে সহায়তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ