ঘিওরে রাতে ট্রাক চাপায় হ্যালো বাইকের যাত্রী নিহত-১, আহত-১

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০২:০৭ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জের ঘিওরে ট্রাকের ধাক্কায় হ্যালো বাইকের এক যাত্রী নিহত হয়েছেন । এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন । রোববার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল হয়ে ঘিওর-দৌলতপুর ভায়া টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দোতরা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

কুস্তা গ্রামের বাসিন্দা নিহত রাজা মিয়া (৬০) ঘিওর উপজেলার মনির উদ্দিনের ছেলে । আহত নুরজাহান বেগম (৪৫) একই উপজেলার নারচি গ্রামের মজিদ মিয়ার স্ত্রী ।

পুলিশ সূত্রে জানা গেছে, দৌলতপুর থেকে বরংগাইলগামী একটি ট্রাক একই দিকে চলাচলকারী হ্যালো বাইকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় । এতে বাইকটির দুই যাত্রী গুরুতর আহত হন । পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজা মিয়াকে মৃত ঘোষণা করেন । গুরুতর আহত নুরজাহান বেগমকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয় ।

দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যান । খবর পেয়ে ঘিওর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও হ্যালো বাইকটি নিজেদের হেফাজতে নেয় ।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে । ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com