নীলফামারীতে কিশোরগঞ্জে ১৩.৪২ গ্রাম হেরোইন ও ১২ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪২ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি: 

নীলফামারীর কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ রওশনারা আক্তার (৩৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর (কাচারীপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৩-এর দেওয়া প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে এসআরবি-১৩-এর সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় রওশনারা আক্তারের বসতঘরের খাটের নিচে রাখা একটি লাল শপিং ব্যাগ থেকে সাদা পলিথিনে বিশেষ কায়দায় রাখা ১৩ দশমিক ৪২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া লাল রঙের একটি কৌটা থেকে ১২টি কমলা রঙের ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রওশনারা আক্তার ওই গ্রামের মো. আকতারুল ইসলামের স্ত্রী। তাঁর বাড়ি কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পানিয়াল পুকুর (কাচারীপাড়া) গ্রামে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় এসআরবি বাদী হয়ে রওশনারা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার নারী ও উদ্ধার করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৩-এর পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মুহম্মদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে এসআরবি-১৩ বলেছে, তাদের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক নির্মূলে সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com