অগ্রণী ব্যাংকের ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, দুদকের মামলা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:৩৩ এএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির এক সিনিয়র কর্মকর্তা ও তাঁর এক সহযোগীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক হাজার টাকার নোটের বান্ডেলের মধ্যে ১০০ টাকা বা তার চেয়ে কম মূল্যমানের নোট ঢুকিয়ে রেখে অর্থের ঘাটতি আড়াল করার কৌশল নেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করা হয়। মামলার বাদী ও ওই কার্যালয়ের উপপরিচালক মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন অগ্রণী ব্যাংকের চট্টগ্রামের লালদীঘি পূর্ব করপোরেট শাখার সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন (৪১) এবং তাঁর সহযোগী ব্যবসায়ী মো. জাফরুল্লাহ তানভীর (২৫)।
দুদকের এজাহার সূত্রে জানা যায়, ব্যাংকের ক্যাশ ও ভল্টের দায়িত্বে থাকা কামরুল হোসেন ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৬ সালের ৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন কৌশলে ভল্ট থেকে টাকা সরিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। আত্মসাতের বিষয়টি আড়াল করতে এক হাজার টাকার নোটের বান্ডেলের মধ্যে ১০০ টাকা বা তার চেয়ে কম মূল্যমানের নোট ঢুকিয়ে রাখতেন তিনি। এতে বাইরে থেকে বান্ডিলগুলো স্বাভাবিক মনে হলেও প্রকৃত অর্থের হিসাবে ঘাটতি থেকে যেত।
এজাহার অনুযায়ী, গত ৯ আগস্ট ব্যাংকিং লেনদেন শেষে নিয়মিত ক্যাশ ও ভল্টের হিসাব মেলানোর সময় ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি ধরা পড়ে। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করলে কামরুল সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
দুদকের এজাহারে আরও বলা হয়, পরে পুলিশি জিজ্ঞাসাবাদে কামরুল ভল্ট থেকে সরানো টাকা তাঁর সহযোগী জাফরুল্লাহ তানভীরের মাধ্যমে স্থানান্তরের কথা স্বীকার করেন। আত্মসাৎ করা অর্থ দিয়ে তাঁরা যৌথভাবে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর এলাকায় ‘ইশরাত অ্যাগ্রো’ নামে একটি গরুর খামার গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে। খামারটিতে বর্তমানে ৫০ থেকে ৬০টি বিভিন্ন জাতের গরু রয়েছে বলে দুদকের তথ্যে উল্লেখ করা হয়েছে।
দুদকের তথ্য অনুযায়ী, গত ১০ আগস্ট কামরুল ও তানভীরকে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের করা মামলাটি দুদকের তফসিলভুক্ত হওয়ায় এর কেস ডকেট পরে কমিশনে হস্তান্তর করা হয়। দুদকের প্রধান কার্যালয়ের চূড়ান্ত অনুমোদনের পর ১৯ অক্টোবর নতুন মামলাটি নথিভুক্ত করা হয়।
মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। ব্যাংকের ভল্ট থেকে অর্থ সরানো এবং সেই অর্থ দিয়ে গরুর খামার গড়ে তোলার অভিযোগের বিষয়ে এখন তদন্ত করবে দুদক।